পিলারের গোড়ার মাটি সরানোর ব্যাখ্যা দিলেন সেতুমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পিলারের গোড়া থেকে মাটি কেটে নেওয়া হয়নি; নির্মাণকাজের অংশ হিসেবে রাখা অতিরিক্ত মাটি প্রয়োজনের ভিত্তিতে সরানো হয়েছিল।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এ ব্যাপারে সেতুমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না। ওখানে যখন ব্রিজ হয়েছে, কিছু প্রতিবন্ধকতা কিন্তু রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে প্রয়োজনে মাটি সরানো হয়েছিল।
শেখ রবিউল আলম, এটা কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন সরানো হয়নি। ওটা দিয়ে একটু উঁচু হওয়ায় ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। ফলে সার্বিক বিবেচনা ওটা সরানো হয়েছিল। অতিরিক্ত মাটি ছিল, অবস্ট্রাকল তৈরি করার জন্য, কনস্ট্রাকশন কাজের সহায়ক হিসেবে। এখন আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওখানে গাছ লাগানো হবে।




















