শেষ ষোলোর ম্যাচে হচ্ছে না পাকেতার খেলা
শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবলার মিডফিল্ডার লুকাস পাকেতার খেলা হচ্ছে না বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।কতদিনের জন্য সাইডলাইনে তিনি থাকবেন তা নিশ্চিত করতে পারেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
মঙ্গলবার (৩০ জুন) পাকেতার স্ক্যান করানো হয়। তাতে তার বাঁ ঊরুর পেছনে পেশীর চোট নিশ্চিত হওয়া গেছে। ব্রাজিলিয়ান জাতীয় দলের মেডিক্যাল স্টাফদের তত্ত্বাবধানে তাকে দ্রুত সুস্থ করে মাঠে ফেরানোর লক্ষ্যে কাজ করা হবে।
ব্রাজিলের ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘মঙ্গলবার লুকাস পাকেতার একটি ইমেজিং পরীক্ষায় তার বাম ঊরুর পেছনের অংশে মাংসপেশীর আঘাত নিশ্চিত হয়েছে। তিনি ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে একটি নিবিড় চিকিৎসা পদ্ধতির অধীনে থাকবেন, যার লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে খেলায় ফেরা।’
জাপানের বিপক্ষে প্রথমার্ধ শেষে পাকেতা খুঁড়িয়ে মাঠ ছাড়েন। ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। ওই সময় নেইমার ও এন্দ্রিক তাকে সান্ত্বনা দিয়ে পাশে ছিলেন। পরে দ্বিতীয়ার্ধে তার বদলি নামেন এন্দ্রিক। এখন পর্যন্ত ব্রাজিলের প্রতিটি বিশ্বকাপ ম্যাচে শুরুর একাদশে ছিলেন পাকেতা।




















