বন্যাকবলিত চট্টগ্রামে ত্রাণ পৌঁছাল সেনাবাহিনী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যাকবলিত চট্টগ্রামের দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১১ জুলাই) বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়িতে ত্রাণসামগ্রী, জরুরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়ে বন্যার্তদের সহায়তা করেছে সেনাসদস্যরা।
সেনাবাহিনী জানায়, দুর্গম এলাকায় পৌঁছে প্রায় ৫০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রায় এক হাজার মানুষকে জরুরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
চট্টগ্রামে টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানির কারণে গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। বিশেষ করে বোয়ালখালী, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। অনেক সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় মানবিক সংকটে পড়েছেন। বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে।




















