দুর্যোগ সচেতনতায় পুঠিয়ায় র্যালি ও মহড়া
রাজশাহীর পুঠিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে র্যালি, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল। এ সময় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে পুঠিয়া পিএন স্কুল মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা মোকাবিলায় করণীয় তুলে ধরা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষ দুর্যোগকালীন প্রস্তুতি সম্পর্কে ধারণা লাভ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের আগে, চলাকালে ও পরে করণীয় সম্পর্কে মানুষকে অবহিত করা এ ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রস্তুতি থাকা জরুরি। একই সঙ্গে দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত মহড়া, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো সম্ভব। এ ধরনের উদ্যোগের ফলে সাধারণ মানুষ জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতন হবে এবং দুর্যোগজনিত প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারবে।


























