একনেকে ৩৬ হাজার কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকার ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা।
বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত হয়, যা দেশের অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন রয়েছে তিনটি, সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে একটি প্রকল্পের।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ, হাইটেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ এবং সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ প্রকল্প।
এছাড়া সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্প, পদ্মা ব্যারেজের প্রথম পর্যায় এবং ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও দুটি প্রকল্প সম্পর্কে একনেক-কে অবহিত করা হয়। এগুলো হলো ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।




















