ড্রেন পরিষ্কারে মাঠে পৌর প্রশাসন
দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্গন্ধ নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার পৌর প্রশাসন। বর্ষা মৌসুমকে সামনে রেখে স্কেভেটর মেশিন ব্যবহার করে শুরু হয় এ অভিযান।
শনিবার (২৩ মে) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌর প্রশাসক শিবু দাসের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, পুঠিয়া উপজেলার তাহেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল এবং দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সমস্যা সমাধানে পৌরসভার উদ্যোগে স্কেভেটর মেশিন ব্যবহার করে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাও নিয়মিতভাবে ড্রেন থেকে ময়লা অপসারণে কাজ করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আসন্ন বর্ষা মৌসুমে যাতে পানি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো ড্রেন পরিষ্কার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
পৌর প্রশাসক শিবু দাস পৌরবাসীর প্রতি ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পুঠিয়া গড়ে তুলতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।


























