ধ্বংসস্তূপ থেকে লুকানো অস্ত্র বের করছে ইরান, কড়া নজর যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরান ভূগর্ভস্থ ঘাঁটি ও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ধ্বংসস্তূপ থেকে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধারে তৎপরতা বাড়িয়েছে। শুক্রবার (১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এমএসএন। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ভবিষ্যতে ট্রাম্প প্রশাসন পুনরায় সামরিক পদক্ষেপ নিলে তার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা আক্রমণ চালাতে ইরান দ্রুত তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।
এক মার্কিন কর্মকর্তা ও এই বিষয়ে অবগত আরও দুজন ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার পর যেসব ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ মাটির নিচে বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, সেগুলো খুঁড়ে বের করতে তেহরান বিশেষ অভিযান চালাচ্ছে।
গত কয়েক দিনে এই তৎপরতা বহুগুণ বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তারা। মূলত মধ্যপ্রাচ্যজুড়ে যেকোনো মুহূর্তে হামলা চালানোর সক্ষমতা ধরে রাখতেই যুদ্ধবিরতির এই সময়টিকে কৌশলগতভাবে ব্যবহার করছে ইরান বলে মনে করছে ওয়াশিংটন।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বসার কথা রয়েছে বলে জানা গেছে হোয়াইট হাউজ সূত্র থেকে। সূত্রানুসারে হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিষ্ক্রিয় করার সম্ভাব্য সামরিক পদক্ষেপসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি ।









