বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দলকে শুভকামনা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী। ব্রাজিলের জার্সি গায়ে তার সেই ছবি ঘিরেই শুরু হয় মন্তব্যের লড়াই। ব্রাজিল সমর্থকরা যেমন ভালোবাসা জানিয়েছেন, তেমনি আর্জেন্টিনা ভক্তরাও সুযোগ ছাড়েননি খোঁচা দিতে। ফলে পড়শীর পোস্টের মন্তব্যঘরই যেন পরিণত হয় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের ভার্চুয়াল দ্বৈরথের মঞ্চে।পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর মুখোমুখি হওয়ার আগে এ শুভকামনা জানান পড়শী।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফুটবলপ্রেমী এ সংগীতশিল্পী লিখেছেন— বেস্ট অব লাক ব্রাজিল।
সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, ফুটবল মাঠে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর হলুদ জার্সি পরে, হাতে ফুটবল নিয়ে পোজ দিয়েছেন পড়শী। ছবিটির ক্যাপশনে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আগুনের ইমোজি ও হার্ট ইমোজি ব্যবহার করেছেন এ সংগীতশিল্পী।
পোস্টটি শেয়ার করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়ায় মুখর হয়ে উঠেছে তার কমেন্টবক্স। এর ঘণ্টা কয়েক পর পড়শী নিজেও মন্তব্য ঘরের শুরুতে লিখেছেন— অলওয়েজ ব্রাজিল।
সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বকাপ নিয়ে নানা ইভেন্টে ব্যস্ত থাকা এ সংগীতশিল্পীর প্রিয় দলের প্রতি ভালোবাসা তার ভক্ত-অনুরাগীদের মাঝে আলাদা আনন্দও তৈরি করেছে। তবে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও কিছুটা খোঁচা মেরে মন্তব্য করেছেন। এক নেটিজেন মজা করে লিখেছেন— আপু ব্রাজিল কিন্তু আজ রাতে ভরপুর খাবে মরক্কোর কাছে। আরেক নেটিজেন লিখেছেন— আপনাকে এই হলুদ জার্সিতে সুন্দর মানিয়েছে।