ফ্যামিলি কার্ড পাবে ৪ কোটি পরিবার
ব্যক্তি নয় বরং পরিবারের উন্নয়ন ফ্যামিলি কার্ডের মূল দর্শন জানিয়ে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। বুধবার (১ এপ্রিল) সংসদে প্রশ্নোত্তর পর্বে এমন তথ্য জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যক্তি নয় বরং পরিবারের উন্নয়ন ফ্যামিলি কার্ডের মূল দর্শন। এর মাধ্যমে পরিবার এবং সমাজে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি হবে। ইতোমধ্যে ৩৭ হাজার ৮১৪ নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। বাকি ৩ মাসে আরও ৩০ হাজার পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়। আর আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে।’ফ্যামিলি ও কৃষক কার্ডের বাজেট কত, তা এখনই বলতে চাইছেন না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কার্ডের বাজেট কত এখনই বলছি না। তবে কৃষক ও ফ্যামিলি কার্ডধারীরা প্রত্যেকে মাসে পাবেন আড়াই হাজার টাকা। প্রতি বছর বাজেটে টাকা বরাদ্দ করা হবে।’
কার্ডের মাধ্যমে দেয়া এই টাকা অর্থনীতিকে শক্তিশালী করবে জানিয়ে তিনি আরও বলেন, ‘কোনো টাকা ছাপিয়ে দিচ্ছি না, ফলে মূল্যস্ফীতি হবে না। এই টাকা যারা পাবে, তারা টাকা পাচার করবে না। লোকাল অর্থনীতিতেই এই টাকা যুক্ত হবে, অর্থনীতিকে শক্তিশালী করবে।




















