রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক নারী ক্রিকেট
রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক নারী ক্রিকেট সিরিজ।
আগামীকাল সোমবার থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এই সিরিজকে সামনে রেখে রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের ঝকঝকে ট্রফিটি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শ্রীলঙ্কা দলের অধিনায়ক চামারি আতাপাত্তু।
ট্রফি উন্মোচন শেষে দুই দলের অধিনায়কই সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং সিরিজের পরিকল্পনা নিয়ে কথা বলেন।
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘বিশ্বকাপের আগে এই সিরিজটা আমাদের প্রস্তুতির জন্য খুব ভালো হবে।
এর আগে আমরা এমন সুযোগ পাইনি। এবার পাচ্ছি, এটা দলের জন্য নিজেদের প্রস্তুত করার বড় সুযোগ।’
রাজশাহীর ভেন্যু নিয়ে তিনি বলেন, ‘এখানে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলছি। তবে আগে অনেক ঘরোয়া ম্যাচ খেলেছি। উইকেট ভালো, ব্যাটিং-সহায়ক।
আউটফিল্ড নিয়ে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে ভালো।’
এ বিষয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুও বলেন, ‘আমি জানি, এই মাঠ এখনো আন্তর্জাতিক ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত নয়।
তবে বর্তমানে উইকেট ও কন্ডিশন খুব ভালো। এটি নতুন ভেন্যু, তাই আমরা খুব বেশি কিছু প্রত্যাশা করছি না। দিনের শেষে আমাদের কাজ মাঠে ভালো ক্রিকেট খেলা।’
উল্লেখ্য, আগামীকাল সকাল ৯টা ২০ মিনিটে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ৫০ ওভারে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।



















