সবার জন্য ব্যবসার সমান সুযোগ নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর
দেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং সবার জন্য ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এমন একটি পরিবেশ গড়ে তোলা হবে যেখানে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ—সব ধরনের উদ্যোক্তা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।
বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনৈতিক কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দেশের অর্থনীতিকে পুনর্গঠন করতে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি জানান, সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে।
দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে অনলাইনে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন সেবা দেওয়া হচ্ছে। একই সঙ্গে রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ প্রণয়নের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, রফতানিমুখী শিল্পের জন্য আমদানিতে অশুল্ক বাধা কমানো, বন্ডেড ও নন-বন্ডেড প্রতিষ্ঠানকে এফওসি সুবিধা সম্প্রসারণ এবং আমদানির মূল্য পরিশোধ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চুক্তি বাস্তবায়ন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাণিজ্য সহজীকরণ ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে বিনিয়োগ বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।




















