৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা। গোলের পর গোল, নাটক আর বিতর্কে ভরা এক রাতে শেষ হাসি হাসল বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে সেমিফাইনালে উঠেছে জার্মান ক্লাবটি।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর মাত্র ৩৬ সেকেন্ডেই চমক। বায়ার্ন গোলরক্ষক ন্যায়ারের বড় ভুলে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন আরদা গুলের। শুরুতেই এগিয়ে যায় রিয়াল, দুই লেগ মিলিয়ে তখন সমতা।
তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। কর্নার থেকে কিমিচের দারুণ ক্রসে হেডে গোল করে সমতা ফেরান তরুণ মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। শুরুতে চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফেরে রিয়াল। ৩০ মিনিটে গুলেরের ফ্রি-কিক থেকে আসে তার দ্বিতীয় গোল।
৩৯ মিনিটে আবার জবাব দেয় বায়ার্ন। বক্সে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন হ্যারি কেইন। কিন্তু বিরতির আগে শেষ হাসি হাসে রিয়াল। ভিনিসিউসের পাস থেকে সহজ গোল করেন এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বেশ কিছু সুযোগ নষ্ট করে রিয়াল, বিশেষ করে এমবাপ্পের একাধিক মিস। ম্যাচের মোড় ঘুরে যায় ৮৭ মিনিটে, যখন কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সুযোগটা কাজে লাগাতে দেরি করেনি বায়ার্ন। ৯০ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান লুইস দিয়াজ। আর যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে রিয়ালের আশা শেষ করে দেন মাইকেল অলিসে। সেই গোলেই নিশ্চিত হয় বায়ার্নের সেমিফাইনাল।
ম্যাচের পরও নাটক থামেনি। শেষ বাঁশির পর লাল কার্ড দেখেন রিয়ালের গুলের, যা উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দেয়।
সেমিফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। অপরদিকে অন্য কোয়ার্টার ফাইনালে আর্সেনাল স্পোর্টিংয়ের বিপক্ষে দুই লেগ মিলে ১-০ গোলের জয়ে সেমিতে উঠেছে। সেখানে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ।



















