ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনের আহ্বান রাশিয়ার
ইরানকে ঘিরে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আল্টিমেটাম পরিহার করে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রোববার (৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেন সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে বলে আশা করছে মস্কো। তবে এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রকে হুমকিমূলক অবস্থান থেকে সরে এসে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়ে বলেন, ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় না খোলে, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানো হতে পারে। এর পরিপ্রেক্ষিতেই ল্যাভরভের এ মন্তব্য সামনে এলো।
ল্যাভরভ ও আরাঘচি উভয়েই বেসামরিক অবকাঠামোর ওপর অবৈধ হামলা বন্ধের আহ্বান জানান। বিশেষ করে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, যেখানে রুশ কর্মীরা কাজ করছেন।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার ওই স্থাপনার নিকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মস্কো সেখানে কর্মরত ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের কূটনৈতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিরসনে আন্তর্জাতিক মহলে আলোচনার চাপ বাড়ছে।




















