জ্বালানি সংকট পরিস্থিতিতে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সব স্তরে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,সরকার জনগণের স্বার্থে জ্বালানি খাতে বিপুল ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
এ অবস্থায় অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সাশ্রয়ী জীবনযাপনের মাধ্যমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
কারণ, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আমি আশ্বস্ত করতে চাই, জনগণের বিচলিত হওয়ার কারণ নেই।
তবে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পারিবারিক পর্যায়েও অমিতব্যয়িতা পরিহার করার জন্য আমি দেশবাসীর প্রতি অনুরোধ জানাই।




















