ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে দূরে গিয়ে গোপন মিটিং করে: প্রধানমন্ত্রী
সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগকে কেন্দ্র করে।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি করেন, একটি মহল বিদেশে গিয়ে ফ্যাসিবাদপন্থীদের সঙ্গে মিটিং করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ছাড়া কিছু নয়।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর কিছু সুযোগসন্ধানী গোষ্ঠী জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এদের একটি অংশ দেশের উন্নয়ন পরিকল্পনা ও বিএনপির রূপকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়।
তিনি আরও বলেন, যারা একসময় টিকেট বিক্রি করে রাজনীতি করেছে, জনগণের ম্যান্ডেট তাদের পছন্দ নয়। তারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে।
তারা বিএনপিকে বলছে ফ্যাসিবাদের দোসর, কিন্তু ৫ তারিখের পর তারাই ফ্যাসিবাদকে ক্ষমা করে দিয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে অনেক দূরে গিয়ে তারা ফ্যাসিবাদের দোসরদের সাথে মিটিং করে- বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিএনপির মূল শক্তি জনগণ এবং দলটি কখনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে রাজনীতি করে না। জনগণের সমর্থন নিয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে।
জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।



















