মানবিক উদ্যোগে রোগীর পাশে এসিল্যান্ড শিবু দাশ
“মানুষ মানুষের জন্য”—এই বিশ্বাসকে ধারণ করে জটিল কিডনি রোগে আক্রান্ত এক অসহায় রোগীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি অসুস্থ রোগী ও তার পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছেন ওই রোগী। অসুস্থতার কারণে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে চিকিৎসা চালিয়ে নেওয়া পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিষয়টি জানতে পেরে রোগীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
মানবিক এ উদ্যোগ সম্পর্কে শিবু দাশ বলেন, “মানুষ মানুষের জন্য”—এই বিশ্বাস থেকেই অসহায় রোগীর পাশে থাকার চেষ্টা করছি। তিনি বলেন, এই ছোট্ট উদ্যোগে হয়তো রোগী ও পরিবারের সব সমস্যার সমাধান হবে না। তবে একজন মানুষের কঠিন সময়ে তার পাশে দাঁড়ানোই হোক আমাদের কর্মের বড় পরিচয়।
তিনি আরও বলেন, সমাজের প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক সংকটাপন্ন পরিবার নতুন করে আশার আলো দেখতে পারে। মানবিক সহযোগিতার মাধ্যমে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও দায়বদ্ধতা আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা সৃষ্টি করে। বিশেষ করে অসুস্থ ও অসহায় মানুষের পাশে সরকারি কর্মকর্তা ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সংকটাপন্ন পরিবারগুলো চিকিৎসা ও জীবনযুদ্ধে সাহস পাবে।
অসহায় রোগীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মানুষের দুঃসময়ে পাশে থাকার এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।










