শীতলক্ষ্যা নদীতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে সুবর্ণা আক্তার ও মার্জিয়া আক্তার মিম নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মেরিনা আবাসিক প্রকল্পের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা প্রথমে সুবর্ণার মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে মার্জিয়া আক্তার মিম। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ব্যাপক তল্লাশি চালিয়ে রাতে মার্জিয়া আক্তার মিমের লাশ উদ্ধার করেছে।
সুবর্ণা আক্তার (১৭) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী গ্রামের মো. শ্যামল মোড়লের কন্যা ও একই গ্রামের মো. মিলন মিয়ার কন্যা মার্জিয়া আক্তার মিম (১৭)। তারা দুজন গোসিঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
মৃত মিমের ছোটবোন হামিদা আক্তার বলেন, দুপুর ১টার দিকে তারা দুই বোনসহ কয়েকজন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে।
এ সময় বোন মিম ও তার বান্ধবী সুবর্ণা শীতলক্ষ্যা নদীতে তলিয়ে যায়। আমি দৌড়ে বাড়িতে এসে খবর দিলে আত্মীয় স্বজন আশপাশের লোকজন গিয়ে নদীতে খোঁজাখুঁজি করে বোন সুবর্ণার মরদেহ উদ্ধার করে।
গোসিংগা ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, তারা কেউ সাঁতার জানতো না। নদীতে তলিয়ে যাবার খবর পেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশীরা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে মিমের লাশ উদ্ধার করে।
মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, ঢাকার ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।



















