আন্ডারওয়ার্ল্ডকে কেন ভয় পাননি শাহরুখ
শাহরুখ খানের জনপ্রিয়তার শুরুটা এমন এক সময়ে, যখন বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল বেশ জোরালো। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত তারকা, পরিচালক ও প্রযোজকদের হুমকি দেওয়ার ঘটনাও তখন প্রায়ই সামনে আসত। সেই সময় আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে পড়েছিলেন শাহরুখ খানও। তবে ভয় পেয়ে পিছু হটার বদলে সরাসরি নিজের অবস্থান জানিয়ে দিয়েছিলেন এই বলিউড তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের একটি ঘটনা জানিয়েছেন পরিচালক সঞ্জয় গুপ্ত। তার দাবি, হুমকি পাওয়ার পর শাহরুখ স্পষ্ট করে দিয়েছিলেন-ভয় দেখিয়ে তাকে কোনো সিদ্ধান্ত থেকে সরানো সম্ভব নয়।
সঞ্জয়ের ভাষ্য অনুযায়ী, শাহরুখ বলেছিলেন, ‘আমি কোনো ছবি করব না, কোনো অনুষ্ঠানে যাব না। আমি পাঠান। গুলি করতে চাইলে গুলি করে দিন। আমি আপনাদের ভয় পাই না। কিন্তু আপনাদের সঙ্গে কাজ করব না, আপনাদের জন্য কোনো অনুষ্ঠানও করব না।’
সঞ্জয় গুপ্তের মতে, শাহরুখের এমন সাহসী অবস্থানই তাকে আন্ডারওয়ার্ল্ডের কাছেও আলাদা সম্মান এনে দিয়েছিল। কারণ, হুমকির মুখেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন অভিনেতা।
তবে সেই সময়টা শাহরুখের জন্য মোটেও সহজ ছিল না। হুমকির পর প্রায় তিন বছর কড়া নিরাপত্তা ও পুলিশি পাহারায় থাকতে হয়েছিল তাকে। এক সাক্ষাৎকারে প্রাণনাশের হুমকি পেয়েছেন কি না-এমন প্রশ্নের জবাবে শাহরুখ জানিয়েছিলেন, বহুবার এমন হুমকি পেয়েছেন তিনি।
শাহরুখের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সংঘাতের বিভিন্ন ঘটনাও উঠে এসেছে চিত্রসমালোচক অনুপমা চোপড়ার লেখা বইয়ে। সেখানে আবু সালেম, ছোটা রাজন ও ছোটা শাকীলের মতো গ্যাংস্টারদের সঙ্গে শাহরুখের সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে।
বইয়ে বলা হয়েছে, ১৯৯৭ সালে মহেশ ভট্টের ‘ডুপ্লিকেট’ ছবিতে কাজ করার সময় থেকেই শাহরুখের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় তার জন্য ব্যক্তিগত দেহরক্ষীর ব্যবস্থাও করা হয়েছিল।
একপর্যায়ে আবু সালেম সরাসরি ফোন করেছিলেন শাহরুখকে। তার ঘনিষ্ঠ এক প্রযোজকের ছবিতে কাজ করতে রাজি না হওয়ায় ফোনে শাহরুখকে গালিগালাজ করেন ওই গ্যাংস্টার। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেতা, ভয়ও পেয়েছিলেন। তবে ফোনে নিজের সংযম ধরে রেখেছিলেন তিনি।
বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও নিজের সিদ্ধান্ত থেকে সরে যাননি শাহরুখ খান। বরং হুমকির মুখেও তার দৃঢ় অবস্থানই তাকে আন্ডারওয়ার্ল্ডের সামনে অন্যরকম এক পরিচিতি এনে দিয়েছিল।




















