ক্যাশলেস রাজশাহী কর্মসূচি, পুবালী ব্যাংকের ১৪ ইলেকট্রনিক বুথ উদ্বোধন
ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘এক দেশ, এক কিউআর লেনদেন (Bangla QR)’ বাস্তবায়নের লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি’র রাজশাহী অঞ্চলের উদ্যোগে ‘ক্যাশলেস রাজশাহী’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের রাজশাহী অঞ্চলের ১৪টি ইলেকট্রনিক বুথের ভার্চুয়াল উদ্বোধন করা হয়।
শনিবার রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভার ভিউ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। সম্মানিত অতিথি ছিলেন পুবালী ব্যাংকের পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী এবং বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান।
এ সময় পুবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, উপমহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো. রবিউল আলম, উপমহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চলের অঞ্চলপ্রধান মো. সাজিদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক মো. বায়েজীদ সরকার ও মো. নাজিম উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক ও পুবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং জনগণকে ডিজিটাল লেনদেনে আরও উৎসাহিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে পুবালী ব্যাংক দেশব্যাপী আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করছে। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং আর্থিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব, উদ্ভাবনী ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পুবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বক্তারা নগদহীন বা ক্যাশলেস লেনদেনের সুবিধা তুলে ধরে Bangla QR ব্যবহারে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
























