গাজী নজরুল ইসলাম বহিষ্কার, সিইসিকে চিঠি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও জাতীয় সংসদের স্পিকারকে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার সংশ্লিষ্ট দুই দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে দেখা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা একটি পত্র প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়েছে। চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে- ‘গাজী নজরুল ইসলাম, সংসদ সদস্যকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার।’
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার ‘নৈতিক স্খলন’প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জুলাই (বুধবার) বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে বলা হয়েছে, অতএব, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো।
একই চিঠির অনুলিপি (অবগতির জন্য) জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে বলে পত্রে উল্লেখ রয়েছে।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদের স্পিকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে।










