ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ফগার স্প্রে শুরু
রাজশাহী নগরীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে কীটনাশক স্প্রে এবং লার্ভিসাইড স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি ফগার মেশিনে কীটনাশক স্প্রে করে দুই সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ থেকে দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিয়ন্ত্রণে ফগার স্প্রে কার্যক্রম শুরু হলো। এর আগে গত ৬ জুন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছিল। তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাসিকের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ কাজে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ভাঙা পাত্র, ডাব বা নারিকেলের খোসাসহ যেসব স্থানে পানি জমে সেসব জায়গা পরিষ্কার রাখতে হবে, যাতে মশার প্রজননস্থল সৃষ্টি না হয়।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানায়, প্রশাসকের নির্দেশনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, ঝোপঝাড় ও মশার প্রজননস্থলে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মপরিকল্পনা অনুযায়ী প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে মোট ১৪ দিন ধরে দুই সাইকেলে স্প্রে কার্যক্রম চলবে।
এছাড়া প্রতি মঙ্গলবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিযোগের ভিত্তিতে বিশেষ ফগার স্প্রে অভিযান পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























