নেপালে বন্যায় ৬৬৯ মরদেহ উদ্ধার
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর একের পর এক মরদেহ উদ্ধার করছে উদ্ধারকারী দল। দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৬৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৩৬২ জন। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার হওয়া মরদেহ শনাক্তে দেশজুড়ে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফাল এ তথ্য জানান। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৮৬৩ জন নেপালি নাগরিক। তাদের মধ্যে ১ হাজার ৫৯১ জন পুরুষ ও ২৬৪ জন নারী। এছাড়া নিখোঁজ ৪৯৯ জন বিদেশি নাগরিকের মধ্যে ২২৩ জন পুরুষ ও ৩০০ জন নারী রয়েছেন।
উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ২৬৮ জন পুরুষ, ১৪৮ জন নারী, ২২ জন কিশোরী ও ২০ জন কিশোর রয়েছেন। এর বাইরে ২১১টি আংশিক মানবদেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হওয়া ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যার পর চলমান উদ্ধার ও অনুসন্ধান অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৩০১ জন আহত বা বিপদগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫০৬ জন পুরুষ ও ৭৯৫ জন নারী।
প্রলয়ংকরী বন্যায় ঘরবাড়ি হারিয়ে নুয়াকোট জেলার নয়টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ হাজার মানুষ অবস্থান করছেন। তবে ধাদিংয়ের আশ্রয়কেন্দ্রে থাকা সব বাস্তুচ্যুত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করতে নেপালে এখনো ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট















