বান্দরবানে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা
টানা ভারি বর্ষণে সৃষ্ট সম্ভাব্য দুর্যোগ ও যোগাযোগ ব্যবস্থার ঝুঁকি বিবেচনায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সোমবার (৬ জুলাই) রাত ৯টায় জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারি বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা রয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।
























