বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ড. নিম চন্দ্র ভৌমিক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক প্রাধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের প্রবীণ শিক্ষক ছিলেন। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ড. নিম চন্দ্র ভৌমিক।
তার মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ দেশের বিভিন্ন সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে। যৌথ শোকবার্তায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশিস কুমার বিশ্বাস সাধন।
শোকবার্তায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের মরদেহ গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে নেওয়া হয়। সেখানে সবাই তাকে শ্রদ্ধা জানান।




















