ব্রহ্মপুত্র রিয়েল এস্টেট লিমিটেডের ই-কমার্স কার্যক্রম শুরু
রিয়েল এস্টেট ও অটোমোবাইল খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণের লক্ষ্যে ই-কমার্স কার্যক্রম চালু করেছে ব্রহ্মপুত্র রিয়েল এস্টেট লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি দুর্নীতির বার্তাকে বলেন, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের গ্রাহকরা ঘরে বসেই অথবা সরাসরি শোরুম পরিদর্শন করে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি ক্রয় করতে পারবেন। গ্রাহকদের সুবিধার্থে কিউআর কোড, পেমেন্ট লিংক এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে আন্তর্জাতিক ১০টি মুদ্রায় অর্থ পরিশোধের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।
জহিরুল ইসলাম আরও বলেন, অটোমোবাইলের পাশাপাশি প্রতিষ্ঠানটি ভূমি উন্নয়ন, জমি ক্রয়-বিক্রয়, আধুনিক ফ্ল্যাট নির্মাণ, ইন্টেরিয়র ডিজাইন, বিলাসবহুল ভবনের নকশা ও নির্মাণসেবাও প্রদান করছে। দেশি ও আন্তর্জাতিক প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত একটি টিম এসব প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ডেভেলপার হিসেবে ব্রহ্মপুত্র রিয়েল এস্টেট লিমিটেডের একাধিক প্রকল্পের কাজ শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও আন্তর্জাতিক মানের নির্মাণ নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরও জানান, কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় প্রায় ৮ একর জমির ওপর আন্তর্জাতিক মানের একটি সেভেন-স্টার হোটেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। তার দাবি, হোটেলটি নির্মিত হলে একসঙ্গে প্রায় ৫ থেকে ৭ হাজার পর্যটকের আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে। এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।
জহিরুল ইসলামের ভাষ্য, এই প্রকল্প বাস্তবায়িত হলে কক্সবাজারে আন্তর্জাতিক পর্যটনের বিকাশ ঘটবে, দেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং বৈদেশিক পর্যটক আকর্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনেও ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সেবা, সহজ লেনদেন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের রিয়েল এস্টেট ও অটোমোবাইল খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে চায় ব্রহ্মপুত্র রিয়েল এস্টেট লিমিটেড।



















