রাজশাহীতে দেয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি
রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত থেকে শুক্রবার (২০ জুন) দিবাগত রাতের কোনো এক সময়ে সংঘটিত এ ঘটনায় প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা (চাঁদি) এবং নগদ অর্থ চুরি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাহেববাজার এলাকায় অবস্থিত আবাসিক স্বর্ণা হোটেলের নিচতলায় পাশাপাশি আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্সের শোরুম রয়েছে। দুর্বৃত্তরা প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে। পরে দুটি শোরুমের মাঝের সংযোগকারী দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে স্বর্ণালংকার, রুপার অলংকার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। তবে আফিয়া জুয়েলার্সে কোনো মালামাল না থাকায় সেখান থেকে কিছু চুরি হয়নি বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, প্রাথমিক হিসাবে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা এবং নগদ ২০ লাখ টাকা চুরি হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজশাহীর সব জুয়েলার্সের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক ইউনিট তদন্তে নেমেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। ইতোমধ্যে সিআইডির ফরেনসিক ইউনিট ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। পুলিশ আশা করছে, তদন্তের মাধ্যমে দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।



















