রাজশাহী নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে আড়াই লাখ বৃক্ষরোপণ
রাজশাহী মহানগরীর সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে আগামী এক বছরে প্রায় আড়াই লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
‘বৃক্ষরোপণ-২০২৬’ কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। বুধবার এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রাসিক সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় মহানগরীর ৩০টি ওয়ার্ডের বিভিন্ন উন্মুক্ত স্থান, সড়কের আইল্যান্ড, ফুটপাত ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো, যা ধারাবাহিকভাবে চলমান থাকবে।
তিনি বলেন, “নগরবাসীর সহযোগিতা ছাড়া এ ধরনের উদ্যোগের পূর্ণ সফলতা সম্ভব নয়। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি। আসুন, আমরা সবাই মিলে রাজশাহী মহানগরীকে আরও সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।”
গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। প্রশাসক জানান, রাসিকের পরিবেশ শাখার কর্মীরা রোপণকৃত গাছের পরিচর্যা, সেচ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন, যাতে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ড. এম. ছায়েদুর রহমান, মো. আসনার উদ্দিন, ড. মো. আজিবার রহমান, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনানসহ অন্যান্য কর্মকর্তারা।
এ ছাড়া অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাসিকের এই উদ্যোগ নগরীর পরিবেশ সংরক্ষণ ও টেকসই সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।




















