ঢাকায় বৃষ্টি-বাতাসেও দূষণের মাত্রা আশঙ্কাজনক
বিশ্বের নানা শহরের মতো দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা, যার প্রভাব থেকে রেহাই পাচ্ছে না মেগাসিটি ঢাকাও। সাধারণত বৃষ্টিতে বাতাসের ধূলিকণা কমে বায়ুর মানের উন্নতি হয়, তবে টানা কয়েকদিনের বৃষ্টির পরও ঢাকার বাতাসে দূষণের মাত্রা উদ্বেগজনক অবস্থায় রয়েছে।
সোমবার (৪ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। শহরটির বায়ুমানের স্কোর ১৩৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। শহরটির বায়ুমানের স্কোর ২১২। এছাড়া ১৪৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। ১৪২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ডিবি/এল




















