ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি সহায়তা বাংলাদেশ ব্যাংকের
তারল্য সংকট কাটিয়ে উঠতে দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ-কে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গ্রাহকদের আমানত উত্তোলনের চাপ এবং নগদ অর্থের সংকটে পড়া ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই জরুরি সহায়তা প্রদান করেছে। রোববার (১৪ জুন) এ অর্থ ছাড় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে বিপুল সংখ্যক গ্রাহক তাদের আমানত তুলে নেন। এতে ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দেয়।
পরবর্তীতে অনেক গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় ব্যাংকটি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) পূরণ করতে পারেনি।
এ অবস্থায় গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ব্যাংকটি। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা অনুমোদন দিয়েছে।
























