জুলাই পোস্ট নিয়ে সমালোচনায় শাওন
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওনের ফেসবুকের একটি পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ‘#জুলাইCDI’ হ্যাশট্যাগ ব্যবহার করে দেওয়া ওই পোস্ট ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ এটিকে ব্যঙ্গাত্মক হিসেবে দেখছেন, অন্যদিকে কেউ কেউ এর তীব্র সমালোচনা করছেন।
বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাওন লেখেন, গত এক বছর ধরে তিনি ফেসবুকে ‘#জুলাইCDI’ হ্যাশট্যাগটি দেখে আসছেন। প্রথমে তিনি এটিকে শুধুমাত্র জুলাই মাসের একটি ট্রেন্ড মনে করলেও পরে লক্ষ্য করেন, বছরের বিভিন্ন সময়েও অনেকে এটি ব্যবহার করছেন।
পোস্টে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উল্লেখ করেন, মন খারাপ, আনন্দ, রাগ কিংবা যেকোনো পরিস্থিতিতেই ‘#জুলাইCDI’ লেখা যায়। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আমার বাবা, এতোকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…।’
পোস্টটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর নেটিজেনদের মধ্যে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে উল্লেখ করেন, আবার কেউ পোস্টটির সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেন।
এদিকে বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার (২ জুলাই) শাওন নিজের ফেসবুকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ধারণ করা গণভবনের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘৭৮ বছর বয়সী মহিলার অন্তর্বাস উঁচিয়ে দাঁত কেলিয়ে উল্লাস করা কিংবা দেয়ালে গ্রাফিতির নামে সরাসরি হাসিনা *দি লেখা দেখে যাদের মুচকি হাসি পেয়েছিল, আজকে একটি ইংরেজি মাস CDI লেখাতে তাদের শালীনতায় খুব লাগছে! আহারে ভণ্ড সুশীলগুলো…।’
এই পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তবে এ দুটি পোস্ট নিয়ে সমালোচনা বা বিতর্কের বিষয়ে শাওন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেননি।



















