প্রবীণদের হাসিই বড় প্রাপ্তি : শিবু দাশ
“প্রবীণদের হাসিই বড় প্রাপ্তি”— এমন মানবিক বার্তা দিয়ে পুঠিয়া উপজেলার সাধনপুরে অবস্থিত একটি বৃদ্ধাশ্রমে প্রবীণদের সঙ্গে সময় কাটালেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
এ সময় তিনি আশ্রমে থাকা সিনিয়র সিটিজেনদের খোঁজখবর নেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের কিছু ছোট ছোট আবদার পূরণের আশ্বাস দেন।
প্রবীণদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা তুলে ধরে শিবু দাশ বলেন, “সেখানে অবস্থানরত প্রবীণ মানুষগুলোর সঙ্গে কথা বলতে গিয়ে অনুভব করলাম—বয়স বাড়লেও ভালোবাসা, সঙ্গ এবং আন্তরিকতার চাহিদা কখনো ফুরিয়ে যায় না।”
তিনি আরও জানান, আশ্রমের বাসিন্দাদের অনেক না-বলা গল্প, জীবনের নানা স্মৃতি এবং মনের গভীরে জমে থাকা আবেগের কথা শুনে তিনি গভীরভাবে আবেগাপ্লুত হয়েছেন। তাদের জীবনের অভিজ্ঞতা ও অনুভূতিগুলো তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে।
পরিদর্শনকালে প্রবীণরা তাদের কিছু ছোট ছোট আবদারের কথাও তুলে ধরেন। এসব আবদার তার হৃদয় ছুঁয়ে গেছে উল্লেখ করে শিবু দাশ বলেন, “আমি তাদের কথা দিয়ে এসেছি, খুব শিগগিরই সেই আবদারগুলো পূরণের সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুযোগ হলে আমাদের প্রবীণদের পাশে দাঁড়ানো উচিত। তাদের প্রতি সামান্য ভালোবাসা, সম্মান ও সময় প্রদানও তাদের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এ সময় বৃদ্ধাশ্রমের বাসিন্দারা সহকারী কমিশনার (ভূমি)-এর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।





















