ফুটবল,ক্রিকেটে প্রতিভার ঝলক নতুন কুঁড়ি আসরে
দেশজুড়ে চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ আসরে ফুটবল ও ক্রিকেটে কিশোর প্রতিভাদের দারুণ ঝলক দেখা যাচ্ছে।
চট্টগ্রামে মাইরিন আক্তারের হ্যাটট্রিক আর ঝিনাইদহে সাকিবুল হাসানের বিধ্বংসী বোলিং—দুই ভিন্ন মঞ্চে উঠে এসেছে আগামী দিনের সম্ভাবনাময় তারকারা, যারা পারফরম্যান্স দিয়ে ইতোমধ্যেই ক্রীড়াঙ্গনে দৃষ্টি কাড়ছে।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা ফুটবলে আজ একক আধিপত্য দেখিয়েছে পটিয়া উপজেলা দল। দশম শ্রেণীর শিক্ষার্থী মাইরিন আক্তারের দুর্দান্ত নৈপুণ্যে হাটহাজারী উপজেলাকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে পটিয়ার খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় দল।
খেলার মাঠে মাইরিন একাই তিনটি গোল করে চলতি আসরের প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। তার এই দাপুটে পারফরম্যান্সের সুবাদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পটিয়া উপজেলা।
অন্যদিকে, ক্রিকেটে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্পিনার সাকিবুল হাসান একাই ধসিয়ে দিয়েছেন কোটচাঁদপুর উপজেলার ব্যাটিং লাইনআপ। ২ ওভার বল করে ১টি মেডেনসহ মাত্র ৫ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছেন এই কিশোর।
এর মধ্য দিয়ে আসরের প্রথমবারের মতো ক্রিকেটে হ্যাটট্রিকের স্বাদ নেন তিনি। সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাকিবুলের এমন বোলিং তোপে কোটচাঁদপুর ১০ ওভারে মাত্র ৪৮ রান তুলতে সক্ষম হয়।
জবাবে কোনো উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় কালীগঞ্জ উপজেলা, যার ফলে তারা বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। সাকিবুল ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলডাঙ্গা এলাকার পাইকপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও গৃহিণী পারভীনা খাতুনের সন্তান।
উল্লেখ্য, দেশের ৬৪টি জেলায় একযোগে চলা এই প্রতিযোগিতার মাধ্যমে মাইরিন ও সাকিবুলদের মতো প্রতিভারা আগামীতে জাতীয় পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে বলে ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন।
ডিবি/এম




















