সংবাদ শিরোনাম :
৩ দিনে ৩২ হাজার ৬৬২ টন বর্জ্য সরাল ডিএসসিসি
পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩২৬৬২ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) থেকে শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের মধ্যে এই বর্জ্য অপসারণ করা হয়েছে। ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। ঈদের পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে।
এছাড়াও গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ হাজার ৮৭১ টন ডাম্পিং করা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ৩২ হাজার ৬৬২ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।




















