কুমিল্লায় বাসচাপায় নিহত তিন, আহত এক
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রতনপুর নামক স্থানে কুমিল্লা শহরমুখী শাহআলী সুপার নামক যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। এ সময় আরও এক যাত্রী গুরুতর আহত হন। তবে, বাস যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন নিহত এবং আহতদের উদ্ধারে এগিয়ে আসে। পরে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানায় নিয়ে যায়।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিস জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।




















