স্পেনে ছয় লাখ অভিবাসীর কর্মে অস্থায়ী অনুমতি
অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ প্রক্রিয়া চলাকালেই স্পেনে ছয় লাখের বেশি অভিবাসীকে কর্মক্ষেত্রে যোগদানের অস্থায়ী অনুমতি দিয়েছে দেশটির সরকার। আবেদন যাচাই-বাছাই শেষ হওয়ার আগেই এই অনুমতি পাওয়ায় বিভিন্ন খাতে কাজ শুরু করেছেন বিপুলসংখ্যক অভিবাসী।
দেশটি চলতি বছর অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের ঘোষণা দেওয়ার পর ১১ লাখের বেশি আবেদন জমা পড়েছে।স্পেন সরকার বলছে, আবেদনকারীদের মধ্যে ছয় লাখ ৯ হাজার ৭৩৭জন অভিবাসী অস্থায়ী অনুমতি নিয়ে কাজে যোগ দিয়েছেন।
দেশটির সরকারের পরিকল্পনা অনুযায়ী, নিয়মিতকরণ কর্মসূচির আওতায় আবেদনকারীকে এক বছর বসবাসের অনুমতি দেওয়া হবে। তবে র্শত হলো, ওই অভিবাসী ৩১ ডিসেম্বর ২০২৫ সালের আগে অন্তত পাঁচ মাস স্পেনে বসবাস করেছেন এবং কোনও ধরনের অপরাধের সঙ্গে যুক্ত নন।
চলতি বছরের ১৬ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করেছেন স্পেন সরকার।
এই বিষয়ে সেক্রেটারি অব স্টেট ফর মাইগ্রেশন পিলার ক্যানসেলা এবং সেক্রেটারি অব স্টেট ফর সোশ্যাল সিকিউরিটি বোরহা সুয়ারেজ বলেছেন, প্রায় পাঁচ লাখ অভিবাসীকে নিয়মিত করার পরিকল্পনা হাতে নিয়েছিল সরকার। শেষ তারিখ অর্থাৎ ৩০ জুন পর্যন্ত এর প্রায় দ্বিগুণ আবেদন জমা পড়েছে।
তিনি বলেন, আবেদনকারীদের বেশিরভাগই লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী। আবেদন যাচাই-বাছাইয়ের সময়ে তাদেরকে কাজের যোগদানের জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছে।
সরকারের তথ্য মতে, সাময়িক অনুমতি পাওয়া মোট ছয় লাখ ৯ হাজার ৭৩৭ জন অভিবাসীর মধ্যে ৩০ জুন পর্যন্ত সময়ে এক লাখ ৬০ হাজার অভিবাসী আনুষ্ঠানিক খাতে কাজে যোগ দিয়েছেন।
আবেদনকারীদের মধ্যে ১১ হাজার অভিবাসী ইতোমধ্যে এক বছরের বসবাসের অনুমতি পেয়েছেন। এছাড়া তাদের মধ্যে ৮১ ভাগ ৪৫ বছরের কম বয়সী আর মোট আবেদনকারীর ৫৭ ভাগ নারী। ইনফোমাইগ্রেন্টস।




















