কানাডায় ৮৫৭ দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক যুক্তরাষ্ট্রের বায়ু
কানাডাজুড়ে ছড়িয়ে পড়া ৮৫৭টি সক্রিয় দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় মিশিগান, মিনেসোটা, গ্রেট লেকস অঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা।
কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ৮৫৭টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবারই নতুন করে ২৩টি দাবানলের সূত্রপাত হয়েছে।
কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম বলছে, অধিকাংশ দাবানলই এখনও নিয়ন্ত্রণের বাইরে।
বিশেষ করে অন্টারিওর পশ্চিমাঞ্চলের বড় বড় দাবানল তৈরি হয়েছে এবং সেগুলো থেকে তৈরি হওয়া ঘন ধোঁয়ায় দেশটির থান্ডার বে ও টরন্টোর বায়ুর মানের মারাত্মক অবনতি হয়েছে।
একই সঙ্গে অপেক্ষাকৃত হালকা ধোঁয়া উঁচু বায়ুমণ্ডল দিয়ে গ্রেট লেকস পেরিয়ে নিউইয়র্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর ফলে আকাশ ধোঁয়াটে দেখা যাচ্ছে, আর সূর্যোদয় ও সূর্যাস্ত স্বাভাবিকের তুলনায় বেশি লালচে দেখাতে পারে।





















