দেশপ্রেমে উজ্জীবিত আনসার-ভিডিপি গড়বে উন্নত বাংলাদেশ
দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা দেশের প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় বাহিনীর ৬০ লাখ সদস্যের সাহস, সততা ও নিষ্ঠা জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী বাহিনীর সব স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং তৃণমূল পর্যায়ের সদস্যদের শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৬৭০ জন শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, দেশের যেকোনো সংকট ও জাতীয় প্রয়োজনে আনসার-ভিডিপি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীর সদস্যরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। এই লক্ষ্য অর্জনে আনসার-ভিডিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি উল্লেখ করেন, শিল্পকারখানা, হাসপাতাল, ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যুব সমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাহিনীর প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক উদ্যোগ প্রশংসনীয়।
বৃক্ষরোপণ, দুর্যোগ মোকাবিলা, খাদ্য নিরাপত্তা, পুনর্বাসন এবং কৃষি উন্নয়নসহ নানা সামাজিক কার্যক্রমে আনসার-ভিডিপি আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
দেশ গড়ার পবিত্র দায়িত্ব পালনে আনসার-ভিডিপির সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রতি পূর্ণ আস্থা রেখে বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।




















