রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নেতৃত্বে আবুল কালাম আজাদ সুইট
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট।আজ সকাল সাড়ে দশটার দিকে তিনি রিকশাযোগে আরডিএ কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি আরডিএ কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবুল কালাম আজাদ সুইট বলেন, গত ১৭ বছরে পূর্ববর্তী সরকারের সময়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে আরডিএকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে নগর উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের পূর্ববর্তী সময়ে রাজশাহীর পরিকল্পিত নগরায়নের জন্য একটি মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছিল। সেই পরিকল্পনার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে রাজশাহীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে তিনি উল্লেখ করেন।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে (আরডিএ) একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করবেন। তিনি আরও জানান, কেউ অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি নগর উন্নয়নে স্বচ্ছতা, পরিকল্পনা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব বজায় রেখে রাজশাহী মহানগরীর উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরডিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে নতুন চেয়ারম্যান কার্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন।



















