বিভাগীয় শহরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে চারটি উপকমিটি গঠন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি, ব্যবস্থাপনা ও খরচের তথ্য সংগ্রহ করছে প্রশাসন। তিনটি উপকমিটি কাজ শুরু করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক উপকমিটির প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। সব প্রতিবেদন হাতে পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জাবি প্রশাসন সূত্রে জানা গেছে, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের পদ্ধতি, ব্যবস্থাপনা, খরচ ও সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য এসব উপকমিটি কাজ করছে। প্রাপ্ত তথ্য ও প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাবিকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজারের বেশি হলে শিক্ষার্থীপ্রতি ৪৬৫ থেকে ৪৯০ টাকা এবং ৫ হাজারের কম হলে ৫০০ টাকা করে খরচ হতে পারে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষার্থীপ্রতি প্রায় ৩৯৫ থেকে ৪০০ টাকা খরচের তথ্য পাওয়া গেছে।
জাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপকমিটির প্রতিবেদন পাওয়া যায়নি। সবগুলো প্রতিবেদন পাওয়ার পর মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কবে নাগাদ মিটিং হবে, তা এই মুহূর্তে বলতে পারছি না।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত জাবির উপকমিটির সদস্য ও কলা অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকেরা যেহেতু বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা চাইছেন, তাই বিভাগীয় শহরে পরীক্ষা হতে পারে। আমরা পরীক্ষা নিতে প্রস্তুত। তবে প্রতিটি ব্যবস্থারই ভালো-মন্দ আছে। আমরা চেষ্টা করব, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে। বাকি সিদ্ধান্ত পরবর্তী মিটিংয়ে হবে।’
এর আগে গত ৮ জুলাই জাবি প্রশাসন পৃথক চারটি উপকমিটি গঠন করে। চার বিশ্ববিদ্যালয়ের উপকমিটির তথ্য হাতে পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাবি। কবে থেকে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, তা নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমে আবেদন শুরু ও পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।





















