‘বিশ্বাসঘাতকতার অভিযোগে’ জাতীয় দল থেকে বহিষ্কার ইরানের তারকা ফুটবলার
ইরান জাতীয় দল থেকে বহিষ্কার হয়েছেন দেশটির তারকা ফুটবলার সরদার আজমুন। সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগে তাকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। এর ফলে ২০২৬ বিশ্বকাপে আজমুনের খেলার সম্ভাবনা প্রায় একেবারেই শেষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন আজমুন। আর এতেই চটেছে ইরান সরকার।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আজমুনের সেই ছবি বিতর্ক ও অসন্তোষের জন্ম দিয়েছে।
ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আজমুনের দল থেকে বাদ পড়ার বিষয়টি জানানো হয়। ইরান জাতীয় দলের ‘একটি নির্ভরযোগ্য সূত্রের’ বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আজমুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এ বিষয়ে ইরানের ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
যদিও পরে সেই ছবি মুছে ফেলেন আজমুন, তবুও সমালোচনার ঝড় থামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে ফুটবল বিশ্লেষক মোহাম্মদ মিসাঘি কঠোর ভাষায় তার সমালোচনা করে বলেন, ‘এটা দুঃখজনক যে, আপনি সময় ও পরিস্থিতি অনুযায়ী কী আচরণ করা উচিত, সেটুকুও বুঝতে পারেন না। জাতীয় দলের জার্সি পরার যোগ্যতা তার নেই।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের শিশুসুলভ আচরণের জন্য আমাদের কোনো সহানুভূতি নেই। জাতীয় দলের খেলোয়াড়দের এমন হতে হবে, যারা গর্বের সঙ্গে জাতীয় সংগীত গাইবে এবং দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখবে।’
২০১৪ সালে ১৯ বছর বয়সে ইরান জাতীয় দলে আজমুনের অভিষেক। ইরানের হয়ে ৯১ ম্যাচে তার গোলসংখ্যা ৫৭। ইরান জাতীয় দলের ইতিহাসে আজমুন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বায়ার লেভারকুসেন, জেনিত সেন্ট পিটার্সবার্গ ও রোমায় খেলেছেন আজমুন। বর্তমানে আরব আমিরাতের ক্লাব শাবাবা আল-আহলিতে খেলছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপে অংশ নেয়, সেখানে স্ট্রাইকার আজমুনের অনুপস্থিতি নিশ্চিতভাবেই দলটিকে ভোগাবে।




















