মান্না-বিজয়ের ছবি ঘিরে নেটদুনিয়ায় কৌতূহল
মান্না ও থালাপতি বিজয়—দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই দুই তারকাকে এক ফ্রেমে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।
ভাইরাল হওয়া ছবিটি আদৌ পুরোনো কোনো বাস্তব মুহূর্ত, নাকি এআই প্রযুক্তির তৈরি—তা নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও রহস্য।
চলচ্চিত্রসংশ্লিষ্টদের একাংশের ধারণা, ছবিটি সত্যিও হতে পারে। কারণ, ২০০৩-০৪ সালের দিকে মান্নার অভিনীত কয়েকটি সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্টুডিওতে হয়েছিল। বিশেষ করে প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে সে সময় নিয়মিত যাতায়াত ছিল তার।
একই সময়ে বিজয়ের সিনেমার কাজও চলছিল সেখানে। সেই সূত্রে দুই তারকার দেখা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।
তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি মান্নার স্ত্রী শেলী মান্না। গণমাধ্যমে তিনি বলেন, অনেক আগের ঘটনা হওয়ায় স্পষ্টভাবে মনে নেই। তবে বিভিন্ন কাজের সূত্রে মান্নার ভারতে যাতায়াত ছিল বলেও জানান তিনি।
ভাইরাল ছবিটি ঘিরে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়াও নজর কাড়ছে। কেউ বলছেন, মান্না ছিলেন সাধারণ মানুষের নায়ক। আবার কেউ মন্তব্য করছেন, রাজনীতির বাইরে থাকায় তার প্রতি মানুষের সম্মান আজও অটুট রয়েছে।
ঢালিউডের মান্না এবং বলিউডের বিজয়- দুজনই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে গণমানুষের তারকা হিসেবে পরিচিত। তাই এই ছবি দুই দেশের সিনেমাপ্রেমীদের মাঝেও আলাদা কৌতূহল ও আবেগ তৈরি করেছে।




















