রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমি মন্ত্রী
রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প ‘রাজশাহী সিল্ক’-এর হারানো গৌরব ফিরিয়ে আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার সকালে রাজশাহীতে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন ২০২৫ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ভূমি মন্ত্রী বলেন, একসময় রাজশাহীর রেশম শিল্প বিশ্বজুড়ে সমাদৃত ছিল। কিন্তু নানা কারণে সেই শিল্প এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। তিনি বলেন, ব্র্যাকের বিশাল সাংগঠনিক সক্ষমতা এবং ব্র্যাক ব্যাংক, বিকাশ, আড়ং, ব্র্যাক ফিন্যান্স ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মতো প্রতিষ্ঠানের সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজশাহীর রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, ব্র্যাক এই শিল্পকে আবারও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকেও স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্র্যাকের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। তিনি ব্র্যাককে বিশেষ করে রাজশাহী অঞ্চলের উন্নয়নে আরও জোরালোভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পবা-মোহনপুরের সংসদ সদস্য শফিকুল হক মিলন বরেন্দ্র অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও কৃষিখাতের আধুনিকায়নে একটি কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (এগ্রো ইপিজেড) এবং বিশেষায়িত কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি জানান। তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও জানান, মোহনপুর অঞ্চলের অন্যতম অর্থকরী ফসল ‘পান’ দীর্ঘদিন ধরে ভাইরাসজনিত সমস্যায় আক্রান্ত। দীর্ঘ গবেষণার পরও কার্যকর সমাধান না আসায় চাষিরা ক্ষতির মুখে পড়ছেন। এ বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও গবেষণার আহ্বান জানান তিনি।
বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ স্থাপনে সংকট তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন এমপি মিলন। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আধুনিক পানি সংরক্ষণ ও ড্রেনেজ প্রকল্প গ্রহণের দাবি জানান। পাশাপাশি পতিত জমি ও বিল এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রস্তাবও দেন।
অনুষ্ঠানে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ বলেন, ব্র্যাকের বড় অংশের কার্যক্রম নিজেদের অর্থায়নে পরিচালিত হওয়ায় দেশের প্রয়োজন অনুযায়ী তারা স্বাধীনভাবে উন্নয়নমূলক উদ্যোগ নিতে পারে। তিনি বলেন, ব্র্যাকের মূল লক্ষ্য মানুষের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা এবং তাদের এগিয়ে যেতে সহায়তা করা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক মোঃ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
ব্র্যাকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রাজশাহী বিভাগে ২০ হাজার ৭৯২টি অতি দরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭০৩টি পরিবার অতিদারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। এছাড়া জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্যসেবা, নারী উন্নয়ন, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি।




















