পোল্যান্ডে ঢুকতে গিয়ে আটক বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী
অনিয়মিত পথে লিথুয়ানিয়া সীমান্ত হয়ে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করতে গিয়ে বাংলাদেশিসহ ৫৪ অভিবাসীকে আটক করেছে পোলিশ সীমান্তরক্ষী বাহিনী। ট্রাকের ভেতরে লুকিয়ে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়। পরে প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের লিথুয়ানিয়ায় ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পোলিশ কর্তৃপক্ষ বলেছে, মানবপাচারকারীদের সহায়তায় অভিবাসীদের এই দলটি ট্রাকে করে লিথুয়ানিয়া থেকে সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে পৌঁছানোর চেষ্টা করছিল। ট্রাকের ভেতরে লুকানো অবস্থা থেকে তাদের আটক করা হয়।
সীমান্তে অস্থায়ী নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পোলিশ কর্তৃপক্ষ। দেশটির সীমান্ত কর্তৃপক্ষ বলেছে, পোল্যান্ডের সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা সতর্ক এবং কার্যকর রয়েছি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্বাঞ্চলীয় সীমান্তে অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে গত বছরের গ্রীষ্মে দেশটির সীমান্তে অস্থায়ী নজরদারি চালু করে পোলিশ সরকার।
সীমান্ত দিয়ে অভিবাসীদের ঠেলে দিয়ে ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ চালিয়ে যাচ্ছে বেলারুশ- এমন অভিযোগ ইইউ এবং পোল্যান্ডের। যদিও অভিযোগ অস্বীকার করছে বেলারুশ।




















