মাঝ আকাশে বোমার হুমকি, জরুরি অবতরণ
মাঝ আকাশে বোমা হামলার হুমকি পাওয়ার পর জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি প্লেন। সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের নয়াদিল্লিগামী প্লেনটি হুমকির চিঠি পাওয়ার পর আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করে। পরে প্লেনটিতে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, প্লেনটির একজন কেবিন ক্রু শৌচাগারে টিস্যু পেপারে ‘বোম’ লেখা দেখার পরপরই সবাইকে সতর্ক করে দেওয়া হয়।
টিস্যু পেপারটি দেখার পরই ওই কেবিন ক্রু দ্রুত প্লেনটির পাইলটকে জানান। পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন। খবর এনডিটিভির।
আহমেদাবাদে পৌঁছানোর পরপরই প্লেনটিকে এয়ারপোর্টের মূল টার্মিনাল থেকে আলাদা একটি স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে ইমার্জেন্সি ইউনিটের সদস্যরা আগে থেকেই প্রস্তুত ছিলেন।
নিরাপত্তা সদস্য ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্লেনটিকে ঘিরে ফেলেন এবং স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করেন। প্লেনটিতে থাকা ৩২ যাত্রীর সবাইকে নিরাপদে সরিয়ে টার্মিনাল-২ এ নেওয়া হয়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কর্তৃপক্ষ কেবিন, আসন এবং কার্গো হোল্ডসহ প্লেনটির সব জায়গাতেই নিবিড়ভাবে তল্লাশি চালিয়েছে। কোনো বিস্ফোরক দ্রব্য বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরবর্তীতে প্লেনটিকে এয়ারপোর্ট ত্যাগের অনুমতি দেওয়া হয়।
তবে, কে টিস্যু পেপারে ওই লেখাটি লিখেছিলেন বা এ ঘটনার পেছনে কী উদ্দেশ্য রয়েছে তা জানতে বর্তমানে তদন্ত চলমান।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ বলেছে, সরকার নির্ধারিত সংস্থাকে এই ঘটনায় তাৎক্ষণিক খবর দেওয়া হয়েছে এবং সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্লেনটি নিরাপদেই অবতরণ করে এবং সব যাত্রীও সুস্থ ও নিরাপদ আছেন।















