ডেঙ্গুতে নারীর মৃত্যু, রামেকে চিকিৎসাধীন ১১০ ডেঙ্গু রোগী
রাজশাহীতে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি এলাকার বাসিন্দা ও গৃহিণী। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারজানা খাতুনকে গত ২৭ সেপ্টেম্বর সকাল ৭টায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা ২২ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৩ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে।
বর্তমানে রামেক হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ও ছাড়পত্রের সংখ্যা সমান হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
এর আগে ২৮ সেপ্টেম্বর রামেক হাসপাতালে ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। ওই ২৪ ঘণ্টায় ২৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি এবং ৩২ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়।
রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, বর্তমানে হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৩ জন নতুন রোগী ভর্তি এবং সমসংখ্যক ৩৩ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।




















