খামারবাড়িতে আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ
বকেয়া বেতন পরিশোধ, চাকরি পুনর্বহাল ও স্থায়ী করার দাবি এবং ঠিকাদারি প্রথা বাতিলের দাবিতে আউটসোর্সিং চালক ও কর্মীরা সোমবার (৩০ মার্চ) রাজধানীর খামারবাড়ি প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন।শতাধিক কর্মীর উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবি-দাওয়া তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে আউটসোর্সিং পদ্ধতিতে দায়িত্ব পালন করলেও তাদের চাকরির কোনো স্থায়িত্ব নেই। বিশেষ করে টেন্ডার সংক্রান্ত জটিলতার কারণে প্রায়ই তাদের চাকরি অনিশ্চয়তার মধ্যে পড়ে। ঠিকাদার পরিবর্তন হলেই চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়, যা তাদের জীবনে চরম অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
বিক্ষোভকারীরা জানান, বর্তমানে মোট ২৫৭ জন গাড়িচালক এ ব্যবস্থার আওতায় কাজ করছেন। তাদের মাসিক বেতন নির্ধারিত ১৭ হাজার ১৩০ টাকা এবং ওভারটাইম বাবদ প্রায় ৮ হাজার টাকা পাওয়ার কথা থাকলেও নিয়মিতভাবে ওভারটাইমের অর্থ পরিশোধ করা হয় না বলে অভিযোগ করেন তারা।তারা আরও অভিযোগ করেন, ঠিকাদারি প্রথার কারণে তাদের সরাসরি নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বেতন গ্রহণের সুযোগ নেই। মধ্যস্থতাকারী বা ঠিকাদারের মাধ্যমে বেতন নিতে হয়, ফলে নানা ধরনের অনিয়ম ও বিলম্বের শিকার হতে হয়। এই ব্যবস্থাকে তারা ‘অস্বচ্ছ ও শোষণমূলক’ উল্লেখ করে তা বাতিলের জোর দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, “আমরা বছরের পর বছর কাজ করছি, অথচ আমাদের কোনো চাকরির নিশ্চয়তা নেই। বেতন সময়মতো পাই না, ওভারটাইমের টাকাও নিয়মিত দেওয়া হয় না। ঠিকাদারি প্রথার কারণে আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।”বিক্ষোভকারীরা তাদের দাবি হিসেবে বকেয়া বেতন দ্রুত পরিশোধ, চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল এবং ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি নিয়োগের ব্যবস্থা চালুর আহ্বান জানান।
বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা।

























