বিশ্বকাপ টিকিটে মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ
আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিট কেনার শেষ সুযোগ কাজে লাগাতে গিয়ে চরম হতাশ হয়েছেন বিশ্ব জুড়ে হাজার হাজার ফুটবল ভক্ত। ফিফার শেষ মুহূর্তের বিক্রয় পর্বে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং কারিগরি ত্রুটির কারণে ভক্তদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। সর্বশেষ বিক্রয় পর্যায়ে ভক্তদের দীর্ঘ সময় অনলাইনে অপেক্ষা করতে হয়েছে। অনেকেই প্রযুক্তিগত ত্রুটির মুখোমুখি হয়েছেন। শেষ পর্যন্ত অনেকেই টিকিট পাননি। সবচেয়ে বেশি আলোচনা ও সমালোচনা হচ্ছে ফাইনাল ম্যাচের টিকিটের দাম নিয়ে।ফাইনালের ক্যাটাগরি ১-টিকিটের দাম এখন ১০ হাজার ৯৯০ ডলারে নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লক্ষ ৪৬ হাজার টাকা। অথচ গত বছরের অক্টোবর মাসে একই টিকিটের দাম ছিল ৬ হাজার ৩৭০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ লক্ষ ৮০ হাজার টাকা। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর মতে, বুধবার বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ৪০টির টিকিটের দাম আগের ধাপগুলোর তুলনায় বেড়েছে। ফাইনালের ক্যাটাগরি ৩-টিকিটের দাম প্রায় দ্বিগুণ হয়ে ৫ হাজার ৭৮৫ ডলারে পৌঁছেছে। ক্যাটাগরি ২-টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩৮০ ডলার।শুধু ফাইনাল নয়, সেমিফাইনাল ও কোয়ার্টার-ফাইনালের ক্যাটাগরি ১- টিকিটের দামও বেড়েছে। এমনকি টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলোর ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচগুলোর ক্যাটাগরি ১- টিকিটের দাম বেড়ে হয়েছে ২ হাজার ৯৮৫ ডলার, ক্যাটাগরি ২-টিকিটের দাম ২ হাজার ২৬০ ডলার এবং ক্যাটাগরি ৩-টিকিটের দাম ১ হাজার ৪১০ ডলার। এবারের বিক্রয় পর্বটি ছিল ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে। কোনো লটারি না থাকায় হাজারো ভক্ত একসঙ্গে লগইন করার চেষ্টা করলে সার্ভারে জট পাকিয়ে যায়।




















