যুক্তরাষ্ট্রের বিনিয়োগে বাংলাদেশ উপযোগী
যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন একটি কার্যকর ও উপযোগী গন্তব্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বৃহস্পতিবার (১১ জুন) বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া যুক্তরাষ্ট্রের মূলধারার বিভিন্ন ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
ড. তিতুমীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ধারাবাহিকতার প্রতি আস্থা রেখে দেশের জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন অত্যন্ত কার্যকর ও উপযোগী দেশ।
তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সরকার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।
জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির উদ্যোগও চলমান রয়েছে।



















