প্রশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ
প্রশিক্ষণভিত্তিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে রাজশাহীতে চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মেলায় ২৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।এতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা চাকরির সুযোগ ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা নিয়ে সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এ চাকরি মেলার আয়োজন করে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে চাকরিপ্রার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেন এবং নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। ওয়েল্ডিং, টেইলারিং, মোবাইল সার্ভিসিং, বিউটি পার্লার, গ্রাফিক্স ডিজাইন ও আইটি-সহ বিভিন্ন ট্রেডে প্রায় এক হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়েছেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং সৃজনশীল কর্মকাণ্ড সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থান তরুণদের বেকারত্ব দূর করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার রিশাদুল ইসলাম, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, আইডিএফ-এর সদস্য শহিদুল আমিন চৌধুরী ও অধ্যাপক রহমান। তারা তরুণদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।




















