বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাবির জরুরি বিজ্ঞপ্তি
ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। এ উপলক্ষে রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের ক্যাম্পাসে প্রবেশ এবং অধিকাংশ যানবাহনের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দেওয়া ওই জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ‘ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ’ উপলক্ষ্যে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের প্রবেশ এবং যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এতে আরও বলা হয়, এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথসমূহ (শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত) দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন (যেমন, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্যান্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সর্বদা নিয়ন্ত্রিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





















